ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:১৩ এএম
সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের হেভিওয়েট প্রার্থী নাহিদ ইসলাম। তিনি রাজধানীর বাড্ডা এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন।
ভোট প্রদান শেষে কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি। আমরা চাই দেশের মানুষ উৎসবের সঙ্গে ভোটকেন্দ্রে আসুক। সবাই যেন দলে দলে আসে।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “এখনই সময় দেশের মালিকানা বুঝে নেওয়ার। এতদিন এই সুযোগ ছিল না, অভ্যুত্থানের পর সেই সুযোগ তৈরি হয়েছে। তাই জনগণ যেন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং রাষ্ট্র সংস্কারে অংশ নেন।
গতকাল নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও হামলার অভিযোগ তুলে তিনি বলেন, “আপনারা দেখেছেন গতকাল থেকে আমাদের বিভিন্ন প্রার্থী ও কর্মীদের ওপর হামলা করা হয়েছে, ভীতি তৈরি করা হয়েছে। আমাদের নির্বাচনী ক্যাম্পও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এই প্রতিকূলতাকে ফোকাস করছি না। আমরা চাই জনগণ ভোটে আসুক এবং ব্যালটের মাধ্যমেই এসব অন্যায়ের জবাব দিক।
ঢাকা-১১ আসনে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এনসিপি তথা ১১ দলীয় জোটের প্রার্থীকে নিয়ে বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে। নাহিদ ইসলামের এই আত্মবিশ্বাসী বক্তব্য তার কর্মী-সমর্থকদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন