ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৬:৪৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলের চেয়ারম্যান ও সম্ভাব্য হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি এই অভিনন্দন জানান।
এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত নেতাকর্মীরা ‘তারেক রহমান’ ও ‘ধানের শীষ’ স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।শুভেচ্ছা বিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই বিজয় শুধু একটি রাজনৈতিক দলের বিজয় নয় বরং এটি দীর্ঘ দুঃশাসন ও সংগ্রামের পর বাংলাদেশের আপামর জনগণের বিজয়।
তিনি উল্লেখ করেন যে জনগণ গণতন্ত্রের পক্ষে এবং উন্নয়নের পক্ষে তাদের রায় দিয়েছে। মির্জা ফখরুল আরও বলেন তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ একটি নতুন দিগন্তে প্রবেশ করবে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে।
অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে তারেক রহমান অত্যন্ত বিনয়ের সাথে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন এই বিজয় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ করা এবং একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হবে আমাদের নতুন সরকারের প্রধান লক্ষ্য। তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তারেক রহমান আরও বলেন এই বিজয় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতি উৎসর্গ করা হলো।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘ ২০ বছর পর বিএনপির এই বিশাল প্রত্যাবর্তনে তারেক রহমানের নেতৃত্ব বিশেষ মাত্রা যোগ করেছে। নির্বাচনের এই আনুষ্ঠানিক বিজয় উৎসবের পর এখন সবার দৃষ্টি নতুন সরকার গঠনের প্রক্রিয়া ও শপথ গ্রহণের দিকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই শুভেচ্ছা বিনিময় মূলত বিএনপির ভেতরে সংহতি ও আগামী দিনের ঐক্যবদ্ধ পথচলার একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে যে তারা নতুন নেতৃত্বের হাত ধরে আগামীর সোনালী বাংলাদেশের স্বপ্ন দেখছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন