বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

তারেক রহমানকে ‘ইঞ্জিনিয়ার’ আখ্যা দিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:১৯ পিএম

তারেক রহমানকে ‘ইঞ্জিনিয়ার’ আখ্যা দিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজয় বরণ করে নির্বাচনি কারচুপির গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার রাত ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘ইঞ্জিনিয়ার’ আখ্যা দিয়ে চরম কটাক্ষ করেন। 

তার এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে লিখেন যে অভিনন্দন ইঞ্জিনিয়ার তারেক রহমান! জাতীয় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ১৩তম ব্যাচে সাফল্যের জন্য শুভেচ্ছা। 

মূলত ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের কাছে পরাজিত হওয়ার পর ভোটের ফলাফলকে তিনি ‘ইঞ্জিনিয়ারিং’ বা সাজানো ফলাফল হিসেবে অভিহিত করতে এই শব্দ ব্যবহার করেছেন। 

নির্বাচনের আগে থেকেই এই আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীনের মধ্যে তীব্র বাকযুদ্ধ ও উত্তেজনা বিরাজ করছিল। ফলাফল ঘোষণার পর জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারাও সেখানে কারচুপির অভিযোগ এনেছিলেন।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রের সরাসরি ভোটে মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান এবং পোস্টাল ভোটসহ তার মোট ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬।

 

অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে পরাজিত হন। মাত্র ৫ হাজার ২৩৯ ভোটের এই ব্যবধানকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর ফসল বলে দাবি করছেন এনসিপি নেতা। তিনি অভিযোগ করেন যে সুকৌশলে পোস্টাল ভোট এবং কেন্দ্র ভিত্তিক কারচুপির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারীর এই মন্তব্যকে ঘিরে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছে। 

বিএনপি সমর্থকরা একে পরাজয়ের গ্লানি বলে মন্তব্য করলেও ১১ দলীয় জোটের কর্মীরা একে ভোটাধিকার হরণ হিসেবে দেখছেন। এই আসনের ফলাফল নিয়ে জোটের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানকে সরাসরি লক্ষ্য করে এমন মন্তব্য আগামী দিনে বিএনপি ও এনসিপির সম্পর্কের আরও অবনতি ঘটাতে পারে।