ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:০২ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ও ভূমিধস বিজয়ের পর আজ শনিবার বিকেল ৩টায় এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্বাচনের চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশের পর এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন যা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক কৌতূহল তুঙ্গে।
দলীয় সূত্র থেকে জানা গেছে সংবাদ সম্মেলনে তারেক রহমান নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং বিপুল বিজয়ের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাবেন। এর পাশাপাশি নতুন সরকার গঠনের প্রস্তুতি, মন্ত্রিসভার সম্ভাব্য গঠন এবং আগামী দিনের রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।
বিশেষ করে জোটবদ্ধ দলগুলোর সঙ্গে আগামীতে বিএনপি কীভাবে কাজ করবে এবং দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে তাদের প্রথম পদক্ষেপ কী হবে সে বিষয়ে স্পষ্ট বার্তা থাকবে এই সংবাদ সম্মেলনে।
উল্লেখ্য যে গতকাল শুক্রবার গভীর রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করেছে। এই গেজেট অনুযায়ী বিএনপি এককভাবে ২০৯টি আসন পেয়ে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। গত দেড় দশক ধরে প্রবাসে নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই ঐতিহাসিক প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংবাদ সম্মেলন থেকেই আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের চূড়ান্ত ইঙ্গিত পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি অসংখ্য সাংবাদিক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের উপস্থিত থাকার কথা রয়েছে। তারেক রহমান কেবল তার দলের নেতাকর্মীদের জন্যই নয় বরং সাধারণ জনগণের প্রত্যাশা পূরণে নতুন সরকারের দায়বদ্ধতা নিয়ে নতুন কোনো প্রতিশ্রুতির কথা জানান কি না সেটিই এখন দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন