ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১১:০৭ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রাপ্ত ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোটকে একটি অত্যন্ত শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ জনরায় হিসেবে অভিহিত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের একাংশের খণ্ডিত উপস্থাপনায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত বা হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, সীমাহীন অনিয়ম ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রায় ২ কোটি ৮৮ লাখ নাগরিকের সমর্থন পাওয়া একটি বিশাল অর্জন।
ডা. শফিকুর রহমান তার বিবৃতিতে উল্লেখ করেন যে, প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে বিপুল এই জনরায়ের মাধ্যমে জামায়াতে ইসলামী দেশের অন্যতম বৃহৎ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
২০০৮ সালের নির্বাচনের তুলনায় বর্তমান জনসমর্থন কয়েক গুণ বেড়েছে যা নীতিভিত্তিক রাজনীতির প্রতি মানুষের আস্থার প্রতিফলন। তিনি মনে করেন, দেশের প্রায় অর্ধেক ভোটার এখন জবাবদিহি এবং সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন। এই পরিবর্তনকে তিনি আগামীর একটি সম্ভাবনাময় ও ঐতিহাসিক অগ্রযাত্রার শুরু হিসেবে দেখছেন।
আগামী দিনে সরকারকে জবাবদিহির আওতায় আনতে গঠনমূলক ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির। তিনি দলীয় কর্মীদের শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, পরবর্তী নির্বাচনের জন্য নিজেদের আরও শক্তিশালীভাবে প্রস্তুত করতে হবে। দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সুস্পষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে একটি সফল ভবিষ্যতের জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন