ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১১:৫৩ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ড. রেজা কিবরিয়া। তার এই অভাবনীয় জয়ের পর থেকেই তাকে নতুন সরকারের অর্থমন্ত্রী করার দাবি স্থানীয় জনগণের মধ্যে অত্যন্ত জোরালো হয়ে উঠেছে। নির্বাচনে তিনি ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনী প্রচারণার সময় থেকেই স্থানীয় ভোটারদের মধ্যে এই প্রত্যাশা তৈরি হয়েছিল যে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ হিসেবে তিনি দেশের অর্থনীতি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
রেজা কিবরিয়ার পারিবারিক রাজনৈতিক ইতিহাস বেশ সমৃদ্ধ ও আলোচিত। তার পিতা শাহ এএমএস কিবরিয়া ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৫ সালে হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক নৃশংস গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়া নিহত হওয়ার পর দীর্ঘ সময় বিচার না পাওয়ায় রেজা কিবরিয়া রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থানে চলে আসেন।
ওই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দায়ী করে এবং বিচারের দাবিতে অনড় থেকে তিনি শেষ পর্যন্ত বিএনপিতে যোগ দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পিতার হত্যাকাণ্ডের বিচারহীনতা এবং আদর্শিক পরিবর্তনই তাকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে উদ্বুদ্ধ করেছে।বাহুবল ও নবীগঞ্জবাসীর মতে এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে অবহেলিত। স্থানীয় জনগণের প্রত্যাশা রেজা কিবরিয়া অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে এই জনপদের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে।
নির্বাচনের সময় তিনি নিজেও এই অবহেলিত জনপদের চিত্র পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষার জানিয়েছেন একজন দক্ষ অর্থনীতিবিদ হিসেবে রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী করা হলে তা দেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহায়ক হবে। ছাত্রদলের স্থানীয় নেতারাও মনে করেন রেজা কিবরিয়া মন্ত্রিসভায় স্থান পেলে তা হাওরাঞ্চলের উন্নয়নের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন