ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:১৭ এএম
জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার চার মাস পর শর্তসাপেক্ষে এই সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষ থেকে এই সই সম্পন্ন হয়। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এনসিপির প্রতিনিধি হিসেবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।
অনুষ্ঠান শেষে যমুনা থেকে বের হয়ে আখতার হোসেন সাংবাদিকদের জানান যে, অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিলেও তাদের এই অংশগ্রহণ ছিল সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে।
আখতার হোসেন শর্তের বিষয়টি পরিষ্কার করে বলেন যে, তারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন মূলত গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে। তিনি আরও জানান যে, সই করার সময় তারা একটি নোট অব ডিসেন্ট বা ভিন্নমতও প্রদান করেছেন। এনসিপির দাবি হচ্ছে, জুলাই আন্দোলনে জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে ।
এবং পরবর্তীতে গণভোটে যা প্রতিফলিত হয়েছে, তা বাস্তবায়নে সরকারকে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এই সাংবিধানিক ও রাজনৈতিক বাধ্যবাধকতা মেনেই তারা এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।আগামীকাল অনুষ্ঠিতব্য নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে এনসিপির পক্ষ থেকে বিশেষ দাবি জানানো হয়েছে। দলের সদস্য সচিব বলেন, তারা আশা করছেন আগামীকাল কোনো প্রকার ব্যতিক্রম ছাড়া শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে।
তাদের দাবি অনুযায়ী, প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ পাঠ করাতে হবে। এরপর জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিতরা শপথ গ্রহণ করবেন। রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতা রক্ষায় এই ক্রম অনুসরণ করা অপরিহার্য বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা হস্তান্তরের চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তখন এনসিপির এই অংশগ্রহণ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নাহিদ ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সংস্কার ভাবনা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতেই তারা এই সমঝোতায় পৌঁছেছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন