বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এ্যানি

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:০৮ এএম

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এ্যানি

মন্ত্রিসভায় ডাক পেলেন এ্যানি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনের মাধ্যমে তাকে এই খবরটি জানানো হয়েছে। তার ঘনিষ্ঠ রাজনৈতিক সূত্র এবং পারিবারিক পর্যায় থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। 

আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। লক্ষ্মীপুরের এই নেতার মন্ত্রিসভায় স্থান পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসন থেকে এবার নিয়ে মোট তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে ২০০১ এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। 

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছিলেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট। বড় ব্যবধানে জয়লাভের পর এবার তাকে দলের পক্ষ থেকে সরকারের নীতিনির্ধারণী বা গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মনোনীত করা হলো।এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান। সংসদ সদস্যদের এই শপথ অনুষ্ঠানের পর বিকেলের দিকে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সাধারণত মন্ত্রিসভার শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হলেও এবার তা সংসদ ভবনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মন্ত্রিসভায় ডাক পাওয়ায় তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।