ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:১৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ জন প্রতিনিধি সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুর ১টায় জাতীয় সংসদ ভবনে তাদের এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। সংসদ সচিবালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, এনসিপির এই সদস্যরা সংসদ সদস্য পদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন।
একই দিনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নির্বাচিত প্রতিনিধিরাও এই দ্বিস্তর বিশিষ্ট শপথ প্রক্রিয়ায় অংশ নেন।জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী, এবারের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা।
নিয়ম অনুযায়ী, বিজয়ী প্রার্থীদের প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরবর্তীতে পরিষদের সদস্য হিসেবে পৃথক দুটি শপথ নিতে হয়। এনসিপির প্রার্থীরা শুরু থেকেই এই প্রক্রিয়ার প্রতি সংহতি জানিয়ে উভয় শপথ গ্রহণ করেন। তবে একই দিনে ভিন্ন চিত্র দেখা গেছে বিএনপির ক্ষেত্রে।
দলটির নির্বাচিত ২০৯ জন সদস্য সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত থাকেন।বিএনপির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এরই মধ্যে বির্তকের সৃষ্টি হয়েছে। এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় একে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে `গাদ্দারি` বলে অভিহিত করেছেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিদ্যমান সংবিধানে এই পরিষদের কোনো আইনি ভিত্তি না থাকায় তারা এই শপথ নেননি। তবে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর বিষয়টি নিয়ে তারা নতুন করে সিদ্ধান্ত নিতে পারেন।
জাতীয় সংসদ সচিবালয় নবনির্বাচিতদের জন্য এই বিশেষ দুই ধরনের শপথের সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করে রেখেছিল। এনসিপির ৬ জন সদস্যের এই শপথ গ্রহণের মাধ্যমে সংসদের ভেতরে সংস্কারপন্থী শক্তির অবস্থান আরও স্পষ্ট হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে এনসিপি ও জামায়াতের অংশগ্রহণ এই উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এখন দেখার বিষয়, প্রধান বিরোধী শক্তি বিএনপিকে ছাড়া এই সংস্কার কার্যক্রম সংসদীয় কাঠামোতে কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন