বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

শহীদ সেনাদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:২৮ পিএম

শহীদ সেনাদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

শহীদদের জিয়ারত করছেন জামায়াত আমির

আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী বীর সেনা সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি বনানী সামরিক কবরস্থানে প্রবেশ করেন এবং শহীদদের কবর জিয়ারত ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। 

এ সময় জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।এর আগে সকালে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এসময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

উল্লেখ্য, ২০০৯ সালের এই দিনে তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমান বিজিবি) সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়। এই বর্বরোচিত ঘটনায় তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদসহ ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তা নির্মমভাবে হত্যার শিকার হন। ঘাতকদের হাত থেকে রেহাই পাননি সাকিল আহমেদের স্ত্রীসহ ১৭ জন বেসামরিক নাগরিকও। পরদিন ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই নিষ্ঠুর ধ্বংসযজ্ঞ। 

২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হচ্ছে।শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং এই ঘটনার নেপথ্যের কারিগরদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দীর্ঘদিনের দাবিটি আজ আবারও জনমনে জোরালো হয়ে উঠেছে।