মার্চ ২৩, ২০২৬, ০৮:৫০ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার এবং বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। সোমবার ২৩ মার্চ দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার একে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে বর্ণনা করে বলেন যে জনগণের অভিপ্রায়ই হওয়া উচিত রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সাংগঠনিক সফরে কক্সবাজারে পৌঁছানোর পর তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেন।
বক্তব্যের এক পর্যায়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন সহস্রাধিক মানুষের প্রাণ আর হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল সরকার গঠনের পর সেই আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে না।
তিনি অভিযোগ করেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল এখন তারা সেখান থেকে সরে এসে ভিন্ন পথে হাঁটছে। জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকলেও পরোক্ষভাবে একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করিয়ে বিষয়টিকে বিচারাধীন বা সাব-জুডিস করা হয়েছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের পরোক্ষ মদতেই এটি করা হয়েছে বলে তিনি দাবি করেন।বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারের প্রতি সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরেন গোলাম পরওয়ার।
তিনি বলেন সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ দ্রুত নিশ্চিত করতে হবে এবং প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা জরুরি। তিনি সতর্ক করে দিয়ে বলেন সরকারকেই এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি সমস্যার সমাধান পার্লামেন্টে করবেন নাকি জনগণকে আবারও রাজপথের আন্দোলনে ঠেলে দেবেন। জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথ উভয় ক্ষেত্রেই জনগণের পক্ষে ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন