বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

খেলোয়াড় ট্রফি দেখতে আসে না, জিততে আসে—কেন বললেন হাসনাত

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৬:০১ পিএম

খেলোয়াড় ট্রফি দেখতে আসে না, জিততে আসে—কেন বললেন হাসনাত

হাসনাত ও মনির মেম্বার

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তাঁর একনিষ্ঠ কর্মী মনির মেম্বারের রাজনৈতিক ত্যাগ ও অনুপ্রেরণামূলক বক্তব্য নিয়ে একটি বিশেষ ফেসবুক পোস্ট দিয়েছেন। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। 

পোস্টটিতে তিনি মনির মেম্বারের রাজনৈতিক আনুগত্য এবং নিঃস্বার্থ সমর্থনের প্রশংসা করেন। হাসনাত আব্দুল্লাহ তাঁর পোস্টে উল্লেখ করেন যে, নির্বাচনী প্রস্তুতির সময় একটি ভিডিওর মাধ্যমে তিনি বড় শালঘর ইউনিয়নের বাসিন্দা মনির মেম্বারের কথা জানতে পারেন। 

ওই ভিডিওতে দেখা যায়, অন্য একটি রাজনৈতিক দলের প্রতিনিধি মনির মেম্বারকে দল পরিবর্তনের প্রলোভন দিচ্ছেন এবং হাসনাতের পক্ষে কেন্দ্রে এজেন্ট দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন। 

তার উত্তরে মনির মেম্বার জানিয়েছিলেন, হাসনাত আব্দুল্লাহ যদি দুটি ভোট পান, তবে একটি হবে হাসনাতের নিজের আর অন্যটি হবে মনিরের। এমনকি একটি ভোট পেলেও সেটি মনির মেম্বারের হবে বলে তিনি দৃঢ়তা প্রকাশ করেছিলেন। এই ঘটনার পরই সাংসদ হাসনাতের সাথে তাঁর পরিচয় ঘটে।নির্বাচনে জয়ের পর হাসনাত আব্দুল্লাহ যখন মনির মেম্বারকে দেখা করতে না আসার কারণ জিজ্ঞাসা করেন, তখন তিনি এক ব্যতিক্রমী উত্তর দেন। মনির মেম্বার বলেন, খেলোয়াড় ট্রফি দেখতে আসে না বরং ট্রফি জিততে আসে। 

তাদের জেতার লক্ষ্য পূরণ হয়েছে এবং এখন তারা পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, প্রতিকূল পরিস্থিতিতেও তিনি আগের মতোই হাসনাতের পাশে থাকবেন। হাসনাত আব্দুল্লাহ তাঁর লেখায় এইসব প্রচারবিমুখ ও নিঃস্বার্থ কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা কোনো স্বার্থ ছাড়াই নিভৃতে পাশে দাঁড়িয়ে বিজয় নিশ্চিত করেছেন। তিনি মনে করেন, এইসব মানুষের নীরব সমর্থনই প্রকৃত পথপ্রদর্শক হিসেবে কাজ করে।