মার্চ ২৫, ২০২৬, ১১:১৪ পিএম
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা বরদাশত করা হবে না। আগামী ২৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনেই এই সনদ বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, সংস্কার বিষয়ে আলোচনার জন্য সংসদের পক্ষ থেকে নোটিশ দেওয়ার যে কথা বলা হচ্ছে, তার জন্য তারা অপেক্ষা করবেন না। বরং অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই সরকারকে জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে।
তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সংসদে উন্মুক্ত আলোচনার জন্য তারা প্রস্তুত আছেন। তবে সরকারের আচরণে দীর্ঘসূত্রতা পরিলক্ষিত হলে সংসদীয় পদ্ধতির বাইরেও বিকল্প ব্যবস্থা ভাবা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।সংসদীয় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সব সংকটের সমাধান রাজপথের বদলে জাতীয় সংসদের ভেতরে হওয়াটাই শ্রেয়।
তবে দাবি আদায় না হলে রাজপথে নামার পুরনো অভ্যাস তাদের আছে বলেও স্মরণ করিয়ে দেন। তিনি সংবিধানের খণ্ডিত প্রয়োগের সমালোচনা করে বলেন, একই আদেশের ভিত্তিতে হওয়া ভোটের ফল এক জায়গায় মানা হবে আর অন্য জায়গায় মানা হবে না, এটি হতে পারে না। জনগণের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা না করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান কাঠামোগত পরিবর্তনের দাবি কোনো বিশেষ দলের নয়, বরং এটি ১৮ কোটি মানুষের অধিকারের প্রশ্ন। নির্বাচনে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক ভোটার সংস্কারের পক্ষে মত দিয়েছেন বলে তিনি দাবি করেন। যারা জনগণের ভোটাধিকার এবং মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। এ ছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন