বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ১২:৫৬ পিএম

জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠক

সংসদে বিরোধীদলের বৈঠক

জাতীয় সংসদের মূলতবি অধিবেশন পুনরায় শুরুর আগে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। রোববার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু হওয়াকে কেন্দ্র করে বিরোধী শিবিরের এই তৎপরতাকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। 

বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভায় সংসদীয় কার্যক্রম পরিচালনায় বিরোধীদলের অবস্থান ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এবং বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান। এছাড়া বিরোধী জোটের অন্যান্য সংসদ সদস্যরাও এই রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অধিবেশনে সরকারের বিভিন্ন নীতিমালার সমালোচনা এবং জনগুরুত্বপূর্ণ ইস্যুতে কীভাবে জোরালো ভূমিকা রাখা যায়, সে বিষয়ে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিরোধীদলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য।উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। 

তবে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ অধিবেশনটি মূলতবি করা হয়। আজ রোববার বেলা ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পুনরায় সংসদীয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, আজকের অধিবেশনে মূলত রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। কার্যোপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই আলোচনা মোট ৫০ ঘণ্টা চলবে এবং আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন অব্যাহত থাকবে।

সংসদীয় ক্যালেন্ডার অনুযায়ী, ধন্যবাদ প্রস্তাবের আলোচনার পাশাপাশি মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপনের কর্মসূচিও আজকের কার্যসূচিতে রয়েছে। সরকার ও বিরোধী দল উভয় পক্ষই এই আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। বিরোধীদলীয় সংসদ সদস্যরা জানিয়েছেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা সংসদে কার্যকর ভূমিকা রাখতে চান এবং আজকের বৈঠকটি ছিল সেই প্রস্তুতিেরই অংশ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিরোধীদলের এই অভ্যন্তরীণ সমন্বয় সংসদীয় বিতর্ককে আরও প্রাণবন্ত করে তুলবে।