মার্চ ২৯, ২০২৬, ০৩:৫৪ পিএম
জাতীয় সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশজুড়ে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া এক শুভেচ্ছা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে ডেপুটি স্পিকারের সংসদীয় পরিচালনার ধরন ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। বিশেষ করে ডেপুটি স্পিকার তার বক্তব্যে পবিত্র কোরআনের আয়াত এবং ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা.)-এর ঐতিহাসিক উদ্ধৃতি তুলে ধরায় তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিরোধীদলীয় নেতা মনে করেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যখন ইনসাফ ও নৈতিকতার চর্চা শুরু হয়, তখন তার ইতিবাচক প্রভাব পুরো জাতির ওপর পড়ে।সংসদীয় কার্যক্রমকে অর্থবহ এবং কার্যকর করতে ডেপুটি স্পিকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে।
দেশে একটি জবাবদিহিমূলক পরিবেশ তৈরির জন্য সংসদকে ইনসাফের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। বক্তব্যে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার এবং জনগণের অধিকার রক্ষায় সংসদের সকল সদস্যের প্রতি একযোগে কাজ করার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন