মার্চ ২৯, ২০২৬, ০৪:৫০ পিএম
জাতীয় সংসদের অধিবেশনে আজ রোববার রংপুর-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চান, সরকারের প্রচলিত রুটিন কার্যক্রমের বাইরে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কোনো বিশেষ মেগা প্রকল্প গ্রহণ করার পরিকল্পনা আছে কি না।
বিশেষ করে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে বাড়ি পর্যন্ত অন্তত একটি অ্যাম্বুলেন্স পৌঁছানোর মতো রাস্তা নিশ্চিত করার বিষয়ে তিনি মন্ত্রীর ব্যক্তিগত ও সরকারের সদিচ্ছার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।সংসদ সদস্য আখতার হোসেন তার বক্তব্যে নির্বাচনী এলাকা কাউনিয়া ও পীরগাছার বর্তমান চিত্র তুলে ধরেন।
তিনি পরিসংখ্যান দিয়ে জানান যে তার আসনের মোট ১৩৭৭ কিলোমিটার রাস্তার মধ্যে ৮৮১ কিলোমিটারই এখনো কাঁচা রয়ে গেছে। কাউনিয়া উপজেলায় ৫৩৫ কিলোমিটার রাস্তার মধ্যে ৩৩৭ কিলোমিটার এবং পীরগাছায় ৮৪২ কিলোমিটারের মধ্যে ৫৪২ কিলোমিটার রাস্তা এখনো পাকাকরণের আওতায় আসেনি।
এই বিশাল পরিমাণ কাঁচা রাস্তার কারণে বর্ষাকালে চরাঞ্চলের মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং উৎপাদিত কৃষি পণ্য সঠিক সময়ে বাজারে নিতে না পারায় কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।যোগাযোগ ব্যবস্থার এই সংকটের ফলে সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে দেশ এগিয়ে গেলেও প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ রাস্তাগুলো এখনো অবহেলিত।
শীতকালে ধুলাবালি এবং বর্ষায় কাদার কারণে যাতায়াত ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি অনুরোধ জানান যেন সরকার এই আসনের বিপুল পরিমাণ কাঁচা রাস্তা পাকাকরণে রুটিন কাজের অতিরিক্ত বিশেষ উদ্যোগ গ্রহণ করে। সংসদের প্রশ্নোত্তরের এই পর্বে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিটি সংসদ সদস্যদের মধ্যে বিশেষ গুরুত্বের সাথে আলোচিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন