শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

এনসিপির ‘জাতীয় নারী শক্তির’ ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০৪:০০ পিএম

এনসিপির ‘জাতীয় নারী শক্তির’ ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

জাতীয় নারী শক্তির কমিটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন হিসেবে ‘জাতীয় নারী শক্তির’ ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের অংশগ্রহণ আরও সুসংহত করতে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সরাসরি অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সদস্য সচিব মাহমুদা মিতু স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, একটি অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি সাজানো হয়েছে। 

নবগঠিত এই কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাঞ্জিদা বুশরা মিশমা। 

এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মনজিলা ঝুমা। কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ পদ মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব মনে করছেন, এই তরুণ ও উদ্যমী নেতৃত্বের মাধ্যমে সারা দেশের নারীদের রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত করা সম্ভব হবে।ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও পাঁচজনের নাম রাখা হয়েছে। তারা হলেন হাফসা জাহান, নাবিলা তাসনিম, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা। 

অন্যদিকে যুগ্ম সদস্য সচিব হিসেবে ৬ জন দায়িত্ব পেয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু।সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে যুগ্ম মুখ্য সংগঠক পদে সাতজনকে রাখা হয়েছে। তারা হলেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম। 

এর বাইরেও সংগঠক হিসেবে ১৪ জন এবং সাধারণ সদস্য হিসেবে আরও ১৬ জন নারী নেত্রীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি এখন থেকে সংগঠনের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা করবে। মূলত তৃণমূল পর্যায়ে নারী শক্তিকে পৌঁছে দিতেই এই দীর্ঘ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।