শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

এনসিপি থেকে ফারাহা এমদাদের পদত্যাগ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ১১:০৮ পিএম

এনসিপি থেকে ফারাহা এমদাদের পদত্যাগ

পদত্যাগ করলেন ফারাহা এমদাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়ক ফারাহা এমদাদ দলের সব ধরণের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মূলত অনুমতি ছাড়াই কেন্দ্রীয় একটি কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তিনি দলটির সাথে দীর্ঘদিনের পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত হয় শনিবার দুপুরে যখন জাতীয় নাগরিক পার্টির নারী অঙ্গসংগঠন ‘জাতীয় নারী শক্তি’র ৫৩ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে ফারাহা এমদাদকে ‘সংগঠক’ হিসেবে মনোনীত করা হয়। 

তবে তার দাবি, এই দায়িত্ব দেওয়ার আগে দলের পক্ষ থেকে কোনো ধরণের পূর্বানুমতি কিংবা তার সাথে আলোচনা করা হয়নি। বিষয়টি তার কাছে অসম্মানজনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে দলীয় সব পদ ছাড়ার ঘোষণা দেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, এনসিপির সাথে তার পথচলা এখানেই শেষ এবং দলীয় কার্যক্রমে যুক্ত থাকাকালীন কেউ মনে কষ্ট পেয়ে থাকলে তিনি তার জন্য ক্ষমা চেয়েছেন।ফারাহা এমদাদ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহবায়ক ও সভাপতির কাছে পাঠানো এক আনুষ্ঠানিক পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, কোনো ধরণের সম্মতি বা অবগত করা ছাড়াই তাকে জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে মনোনীত করা হয়েছে। তিনি মনে করেন, সম্মতি ছাড়া এমন দায়িত্ব চাপিয়ে দেওয়া অন্যায্য এবং সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। 

গত কয়েক মাস যাবৎ তিনি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কের দায়িত্ব সততার সাথে পালন করে আসছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে আত্মসম্মান বজায় রাখতে তিনি এই দায়িত্ব থেকেও অব্যাহতি নেওয়া প্রয়োজন বলে মনে করছেন।পদত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে ফারাহা এমদাদ জানান, রাজনীতিতে শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধা থাকা জরুরি। কোনো কর্মীকে বড় কোনো দায়িত্ব দেওয়ার আগে অন্তত তার সাথে কথা বলা প্রয়োজন ছিল। 

যেহেতু তা করা হয়নি, তাই তিনি স্বেচ্ছায় ও তাৎক্ষণিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এখন থেকে দলীয় কোনো কার্যক্রমের সাথে যুক্ত থাকবেন না বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন।এদিকে ফারাহা এমদাদের এই হঠাৎ পদত্যাগের বিষয়ে কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউছার জানিয়েছেন, বিষয়টি মূলত একটি ভুল বোঝাবুঝি বা অভিমান থেকে তৈরি হয়েছে। 

কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার পর ফারাহা এমদাদ দুটি পদ থেকেই সরে দাঁড়াতে চেয়েছেন। স্থানীয় পর্যায়ের নেতারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানালেও তিনি তার সিদ্ধান্তে অনড় রয়েছেন। কুমিল্লার স্থানীয় রাজনীতিতে ফারাহা এমদাদের এই চলে যাওয়া দলের জন্য বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।