বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

কাজী নজরুল-হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৫:৫৩ পিএম

কাজী নজরুল-হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

এনসিপির বিক্ষোভ সমাবেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৫ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবি নজরুলের মাজার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। জুমার নামাজ শেষে দলটির নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নেন। 

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কর্মসূচিতে নেতৃত্ব দেন।সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিচার দাবি করেছে দলটি।বিক্ষোভ সমাবেশ থেকে শক্তিশালী ও কার্যকর পররাষ্ট্রনীতি গ্রহণের মাধ্যমে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধের জোর দাবি জানানো হয়। 

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তারা জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষকে সাথে নিয়ে কবর জিয়ারত করেন। এরপরই মাজার প্রাঙ্গণের সামনে বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রতিবাদী এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির বিস্তারিত তথ্য এবং ছবি প্রকাশ করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, সীমান্তে প্রতিনিয়ত ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিকরা হত্যার শিকার হচ্ছেন। এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য সম্মানজনক নয়। এর স্থায়ী সমাধানের জন্য সরকারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। প্রতিবাদ সমাবেশে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়াও করা হয়।

বিক্ষোভকারীরা জানান, সীমান্তে রক্তপাত বন্ধ না হওয়া পর্যন্ত তাদের রাজপথের প্রতিবাদ চলবে। তাদের মতে, কেবল মৌখিক প্রতিবাদ নয়, বরং মাঠপর্যায়ে কার্যকর কূটনীতিই পারে এই দীর্ঘদিনের সংকটের সমাধান করতে। কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা ও সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। জুমার নামাজের পর এই কর্মসূচি চলায় ঢাবি এলাকায় সাধারণ পথচারীদের মধ্যেও বিষয়টি নিয়ে বেশ কৌতূহল দেখা যায়।