বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দেশে কৃষি জমি অতি দ্রুত কমে আসছে: এলজিআরডি মন্ত্রী

রবিউল এহ্সান রিপন

মে ২৭, ২০২৬, ১২:৩৩ পিএম

দেশে কৃষি জমি অতি দ্রুত কমে আসছে: এলজিআরডি মন্ত্রী

ছবি-দিনাজপুর টিভি

দেশে কৃষি জমি অতি দ্রুত কমে আসছে এবং এটি দেশের জন্য মোটেও ভালো হবে না বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জায়গা পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। 

উন্নয়ন প্রকল্পের নামে কোনোভাবেই কৃষিজমি নষ্ট করা হবে না বলে প্রশাসনের কর্মকর্তাদের আশ্বস্ত করেন তিনি।বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস বহুতল ভবনে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে সরকারের।

মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জেলার বেশ কয়েকটি সম্ভাব্য জায়গা পরিদর্শন করা হচ্ছে। জামালপুর ইক্ষু খামারে প্রায় ১০০ একরের মতো জমি রয়েছে এবং এটি সরকারি মালিকানাধীন হওয়ায় অধিগ্রহণ প্রক্রিয়া সহজ হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও কিছু স্থান খতিয়ে দেখা হবে।

 কৃষি খামার সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।এরপর তিনি আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যান।জামালপুর ইক্ষু খামার পরিদর্শন শেষে মন্ত্রী ঠাকুরগাঁও মেডিকেল কলেজের জন্য নির্ধারিত জায়গা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। 

প্রকল্পগুলোর কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন তিনি। পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।