জুলাই ২, ২০২৬, ০১:০২ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির শেষ বিদায়, জানাজা এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ছেড়েছে একটি বিশেষ প্রতিনিধিদল। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ৬ সদস্যের এই প্রতিনিধিদলটি আজ বৃহস্পতিবার সকালে একটি নিয়মিত ফ্লাইটে ইরানের উদ্দেশে রওনা হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধিদলটি আনুষ্ঠানিকভাবে ঢাকা ত্যাগ করে বলে সংশ্লিষ্ট দলীয় সূত্র নিশ্চিত করেছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের এই রাজনৈতিক প্রতিনিধিদলটি দেশটিতে সফরে গিয়েছে।উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তাঁর সঙ্গে প্রতিনিধিদলে সদস্য হিসেবে রয়েছেন সাবেক সংসদ সদস্য মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী ও ডা. এস এম খালিদুজ্জামান।
এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা সাইদউদ্দিন আহমাদ হানজালা এবং জাতীয় নাগরিক পার্টির তথা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই সফরে অংশ নিয়েছেন। সফরকারী দলটি ইরানের সরকার ও সাধারণ জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করতেই এই রাষ্ট্রীয় জানাজায় শরিক হচ্ছে।ইরান প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনির জানাজা এবং দাফন প্রক্রিয়া আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত একাধিক ধাপে ও বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে।
সফরসূচি অনুযায়ী, বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলটি ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা আশা প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন