জুলাই ৭, ২০২৬, ০৫:০৬ পিএম
ইরানের পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর জানাজায় লাখো মানুষের সমাগম ঘটে। এই বিশাল আয়োজনে আগত মানুষের সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে গেছেন স্বেচ্ছাসেবীরা। তাদের এই সেবামূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
শোকানুষ্ঠান উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক, প্রান্তর ও সেবাকেন্দ্রজুড়ে বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের মানবিক সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। ফল, কেক, নাস্তা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে তারা সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিদেশের মাটিতে তাদের এই সম্মিলিত উদ্যোগ ও মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ স্থানীয়দের মাঝেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শিক্ষার্থীদের সঙ্গে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং মানুষের সেবায় নিজেকে যুক্ত করেন। এই কার্যক্রমের প্রতি সংহতি প্রকাশ করে তিনি শিক্ষার্থীদের এমন উদ্যোগকে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন।
ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ ও সেবামূলক মানসিকতা এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। শোকের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা তাদের ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়িত্ববোধেরই প্রতিফলন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন