বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০২:২৫ পিএম

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।রোববার ভোর ৪টা ১৮ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন কীর্তিমান ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারাল। রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে তাঁর ভূমিকা দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছিলেন।

তিনি আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তাঁর দীর্ঘ কর্মজীবনে শেরেবাংলা এ কে ফজলুল হক, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকর্মী হিসেবে রাষ্ট্র ও সমাজে দায়িত্ব পালন করেছেন। সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস ছিলেন তিনি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অগ্রণী ভূমিকা দেশবাসী কখনও বিস্মৃত হবে না। তাঁর সমগ্র রাজনৈতিক জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

রাজনৈতিক মহলে তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।ফখরুল বলেন, আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।