সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৩:৪৫ পিএম
মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনের প্রধান সড়কে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধনেই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী পর্বে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ মামুন রনিক এবং জেলা জাসাসের নেতা ইউনুস শেখসহ যুবদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। অভিযানের অংশ হিসেবে নেতাকর্মীরা শহরের প্রধান সড়কের দুই পাশের জমে থাকা ময়লা-আবর্জনা ঝাড়ু দিয়ে বালতিতে সংগ্রহ করেন এবং পরবর্তীতে তা নির্দিষ্ট ভাগাড়ে অপসারণ করেন। একই সঙ্গে এডিস মশার প্রজনন ধ্বংস করতে সড়ক ও ড্রেনে ওষুধ স্প্রে করা হয়।
জেলা কার্যালয় থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা কার্যক্রম পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচি শেষে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ের মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের প্রধান সড়কের আবর্জনা অপসারণের মাধ্যমে সাধারণ পথচারী ও পৌরবাসীকে এডিস মশা প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন