বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,

৪৭ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন এমপি বাবর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:১৬ পিএম

৪৭ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন এমপি বাবর

ছবি: সংগৃহীত

নিজস্ব অর্থায়নে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ জন নেতাকর্মীকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে পাঠালেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে। সফরের বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা মো. হায়দার আলী। 

তিনি জানান, নির্বাচনী এলাকার রাজনৈতিক নেতাকর্মীরা যাতে ইসলামের সঠিক অনুশাসন মেনে জীবন পরিচালনা করেন, সেই উদ্দেশ্য থেকেই সংসদ সদস্য নিজ খরচে এই ব্যবস্থা করেছেন। এই কাফেলায় মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন এবং খালিয়াজুরী উপজেলার ১১ জন নেতাকর্মী রয়েছেন। ব্যক্তিগত সহকারী হিসেবে মির্জা মো. হায়দার আলী নিজেও তাদের সাথে রয়েছেন। তবে ব্যক্তিগত বা অন্যান্য ব্যস্ততার কারণে সংসদ সদস্য নিজে এই সফরে যাচ্ছেন না।

কাফেলায় অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে লুৎফুজ্জামান বাবর বলেন, আপনারা ওমরাহ পালনকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবেন। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি নিজেদের ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন।

মদন উপজেলা থেকে এই সফরে যাওয়া ১৭ জন নেতাকর্মী হলেন উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সহসভাপতি আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে এলাহি টুটন, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল, উপদেষ্টা রমজান মাস্টার, সহসভাপতি সাইদুর রহমান সম্রাট, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল সভাপতি এস এইচ টিপুল, ছাত্রদল সভাপতি শামীম হাসান, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদল সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ বদরুজ্জামান মানিক এবং সাবেক ওলামা দল সভাপতি মুফতি আব্দুর রব। এ ছাড়া মদন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি আনোয়ার হোসেনও এই কাফেলায় অন্তর্ভুক্ত রয়েছেন।

মোহনগঞ্জ উপজেলা থেকে যাওয়া ১৮ জন হলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক পৌর আহ্বায়ক ফজলুল হক মাসুম, সাবেক উপজেলা সদস্যসচিব টিপু সুলতান, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক ইমরান খান চৌধুরী, সিনিয়র নেতা মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান খান রনি, সদস্যসচিব ফয়সাল আহমেদ খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাজমুস সাদী চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক কিরন খাঁ ও সাবেক সদস্যসচিব জাকির আহমেদ বাবু।

খালিয়াজুরী উপজেলা থেকে যাওয়া ১১ জন প্রতিনিধি হলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সহসভাপতি মাসুদ রানা, সহসভাপতি ইদ্রিস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তরুক, সদস্য হালিম আজাদ আকবরী, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্যসচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়।