রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের কী কথা হয়েছিল?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০৯:৫৫ এএম

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের কী কথা হয়েছিল?

ছবি - সংগৃহীত

গত জুন মাসে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বহুল আলোচিত বৈঠক নিয়ে মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, সেই ঐতিহাসিক বৈঠকে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করার পাশাপাশি দেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছিল।

বিবিসি বাংলাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তারেক রহমান এই তথ্য জানান, যা মঙ্গলবার সকালে প্রচারিত হয়েছে।ড. ইউনূসের সঙ্গে নির্বাচনের বাইরে অন্য কোনো বিষয়ে কথা হয়েছিল কিনা—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “ড. ইউনূস একজন বিজ্ঞ মানুষ। সৌজন্যতার স্বরূপ অনেক কথা হবে এটিই স্বাভাবিক। নির্বাচনের বাইরেও বেশ কিছু কথা হয়েছে।

তিনি আরও যোগ করেন, “ড. ইউনূস জানতে চেয়েছিলেন—জনগণ যদি আপনাদের সুযোগ দেয়; তাহলে দেশের জন্য আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করবেন। আমি (আমার) দেশের মানুষকে, দেশের জনগণকে আমার পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেছি।”উল্লেখ্য, গত ১৩ জুন লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পরই দেশে নির্বাচনের সময়সীমা নিয়ে যে ধোঁয়াশা ছিল, তা অনেকাংশে কেটে যায় এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি পথ তৈরি হয়।

তবে সেই বৈঠকে নির্বাচনের বাইরে আর কী আলোচনা হয়েছিল, তা নিয়ে এতদিন রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ছিল। তারেক রহমানের এই বক্তব্যের মাধ্যমে সেই কৌতূহলের কিছুটা অবসান হলো।সাক্ষাৎকারের এই পর্বে তিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক এবং ভারত নীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়েও কথা বলেন।