অক্টোবর ৭, ২০২৫, ১০:১৬ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং রাষ্ট্র পরিচালনার দর্শন নিয়ে কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগোবে এবং দেশের গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি তৈরি করাই হবে দলের প্রধান লক্ষ্য।মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিবিসি বাংলাকে দেওয়া তার দীর্ঘ সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বে তিনি এসব কথা বলেন।
ভবিষ্যৎ বিএনপি কেমন হবে—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান দলের অতীতের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা দুটো বিষয় নিয়ে খুব গর্ব ও অহংকার করি। একটি হলো বাংলাদেশের গার্মেন্টস শিল্প, অপরটি হলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এ দুটিই বিএনপি শুরু করেছিল।” তিনি আরও বলেন, তার বাবা ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৪ সালে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং একদলীয় বাকশাল ব্যবস্থার পরিবর্তে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।
তারেক রহমান বলেন, এই ঐতিহাসিক অর্জনের ওপর ভিত্তি করেই বিএনপি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজাবে। তিনি জোর দিয়ে বলেন, “বিএনপির প্রধান লক্ষ্য হবে গণতন্ত্রের শক্তিশালী বুনিয়াদ তৈরি করা।”
সাক্ষাৎকারের এই পর্বে তিনি অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও কথা বলেন। পূর্বে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কারণ হিসেবে তিনি বলেন, তখন নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন জেগেছিল। তবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস নির্বাচনের একটি রূপরেখা ঘোষণা করার পর সেই সন্দেহ অনেকটাই কেটে গেছে বলে তিনি উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন