অক্টোবর ৭, ২০২৫, ১০:৪২ এএম
ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, তার সুস্পষ্ট রূপরেখা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির ভারত নীতি হবে ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতির ওপর ভিত্তি করে। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বলে তিনি জানান।মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিবিসি বাংলাকে দেওয়া তার দীর্ঘ সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বে তিনি এ কথা বলেন।
ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “আমি অবশ্যই দেশের হিস্যা, মানুষের হিস্যা ও পানির ন্যায্য হিস্যা চাই। আমি দেখতে চাই না আরেক ফেলানি ( সীমান্তে নিহত) ঝুলে আছে। আমার মানুষের ওপর আঘাত আসলে সেটাকে সহজেই মেনে নেব না।”
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের বর্তমান শীতল সম্পর্ক এবং বিএনপি ক্ষমতায় এলে কোনো পরিবর্তন আসবে কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দেয় এবং এর মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে বিরাগভাজন হয়, তাহলে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে।” এর মাধ্যমে তিনি জনগণের আকাঙ্ক্ষার ওপরই ভবিষ্যৎ সম্পর্কের গতিপ্রকৃতি নির্ভর করবে বলে ইঙ্গিত দেন।
দীর্ঘ ১৭ বছর পর গণমাধ্যমে দেওয়া এই সাক্ষাৎকারে তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার, ভবিষ্যৎ বিএনপি এবং দেশের কর্মপরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন