অক্টোবর ১১, ২০২৫, ০৪:৫৯ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, “দুই-একজন উপদেষ্টা এবং উচ্চ পর্যায়ের কিছু প্রশাসনিক কর্মকর্তা গোপনে ষড়যন্ত্র করে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার চেষ্টা করছেন।” তিনি এই ষড়যন্ত্রের পথ পরিহার করে আগামী নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
শনিবার (১১ অক্টোবর) সকালে খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক ছাত্র-যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গোলাম পরওয়ার বলেন, “'২৪ সালের গণআন্দোলন ছিল ফ্যাসিবাদবিরোধী; আমাদের দ্বিতীয় সংগ্রাম হবে দুর্নীতিবিরোধী। এই দ্বিতীয় যুদ্ধে ছাত্র-জনতাকে সক্রিয় রেখে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ইসলামের পক্ষকে শক্তিশালী করতে হবে।”
তিনি বলেন, “ভোট একটি আমানত। যে জনগণের ভোট নেবে, তাকে জনগণের চৌকিদার হতে হবে। এই দায়িত্ব পালনের মানসিকতা যার নেই, তার ভোট চাওয়ারও অধিকার নেই।”অতীতের রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি এক রূপক উদাহরণ দিয়ে বলেন, “আগে লাঙল দিয়ে ধান চাষ করে নৌকায় অটো-উঠানো ছিল, এবার অন্তত দাড়িপাল্লায় তা মেপে বোঝানো উচিত।” এর মাধ্যমে তিনি ন্যায়বিচার ও স্বচ্ছতার প্রতীক হিসেবে তার দলের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে জনমত তৈরির আহ্বান জানান।
পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন