রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

নতুন কর্মসূচি ঘোষণা, মহাসমাবেশে নামছে খেলাফত মজলিস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৭:১৭ পিএম

নতুন কর্মসূচি ঘোষণা, মহাসমাবেশে নামছে খেলাফত মজলিস

ছবি - সংগৃহীত

জুলাই সনদ’ বাস্তবায়ন ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর, শনিবার, ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সভায় মাওলানা মামুনুল হক বলেন, “অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি ও সেই অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের আয়োজন ছাড়া আমাদের রাজনৈতিক ব্যবস্থায় কোনো গুণগত পরিবর্তন আসবে না। বরং আবারও ফ্যাসিবাদী, স্বৈরাচারী শাসন ফিরে আসবে এবং ভারতীয় আধিপত্যবাদের খবরদারি শুরু হবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “’২৪-এর আগের শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার যেকোনো কূটকৌশল জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে সংঘটিত শাপলা চত্বরের গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ডসহ প্রতিটি গুম, খুন ও অপহরণের বিচারিক কার্যক্রম দ্রুত গতিশীল করতে হবে।”বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, আগামী ২৫ অক্টোবর দলের কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

এছাড়া, আগামীকাল রোববার (১২ অক্টোবর) জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি সফল করার জন্যও আহ্বান জানানো হয়।বৈঠকে দলের মহাসচিব মাওলানা জালালউদ্দীন আহমদ, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।