অক্টোবর ১১, ২০২৫, ০৭:২২ পিএম
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে দেশের প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তার দল ক্ষমতায় এলে প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন পূরণের পথে রাষ্ট্রকে তার অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করা হবে, বাধা হিসেবে নয়।শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “একজন কন্যাসন্তানের পিতা হিসেবে আমি জানি, মেয়েদের ক্ষমতায়ন শুধুই নীতির বিষয় নয়, বরং এটা একান্তই ব্যক্তিগত। আমাদের বাংলাদেশের স্বপ্ন এমন এক দেশ গড়া, যেখানে প্রতিটি মেয়ে সেই একই স্বাধীনতা, সুযোগ ও নিরাপত্তা পাবে, যা প্রতিটি অভিভাবক নিজের সন্তানের জন্য কামনা করেন।”
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে নারী ও কন্যাশিশুদের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও ‘ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’ চালু করা হয়েছিল, যা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।
ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে সেই ধারাবাহিকতা বজায় রেখে নারী ও কন্যাশিশুদের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে, নারী গৃহপ্রধানদের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে সরাসরি আর্থিক সহায়তা প্রদান, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, মেয়েদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো, রাজনীতি ও নীতিনির্ধারণে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা, প্রতিটি মেয়ের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবার ও সামাজিক কল্যাণকে নীতির কেন্দ্রে রাখা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন