সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৫:৫৬ পিএম
মানুষ সাধারণত অর্থনৈতিক টানাপোড়েন, বৈষয়িক ক্ষতি কিংবা শারীরিক অসুস্থতাকেই একমাত্র সংকট মনে করে। তবে চরিত্রহীনতা, অন্তরের পাপাচার ও কুপ্রবৃত্তির দাসত্ব মানুষের জন্য আরও মারাত্মক পরিণতি ডেকে আনে। খারাপ স্বভাব, ক্ষতিকর কথা ও অনিয়ন্ত্রিত কামনা-বাসনা থেকে মুক্ত থাকাকে একজন বিশ্বাসীর মূল চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা হয়। এই প্রেক্ষাপটে মহানবী হজরত মুহাম্মদ (সা.) একটি সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ প্রার্থনার মাধ্যমে আত্মিক অবনতি ও দৈহিক অসুস্থতা থেকে আল্লাহর দরবারে আশ্রয় চাইতে শিখিয়েছেন।
হাদিস গ্রন্থ সহিহ ইবনে হিব্বানের ৯৬০ নম্বর বর্ণনায় এসেছে, মহানবী (সা.) দোয়া করতেন: ‘আল্লাহুম্মা জান্নিবনি মুনকারাতিল আখলাকি, ওয়াল-আহওয়াই, ওয়াল-আসওয়াই, ওয়াল-আদওয়াই।’ এর অর্থ হলো—হে আল্লাহ, আমাকে গর্হিত চরিত্র, কুপ্রবৃত্তি, নিকৃষ্ট কাজ ও কঠিন রোগব্যাধি থেকে সুরক্ষিত রাখুন।
এই প্রার্থনায় মূলত চারটি সংকট থেকে নিরাপত্তা চাওয়া হয়েছে।
প্রথম সংকট হলো গর্হিত চরিত্র। অহংকার, হিংসা, বিদ্বেষ, কৃপণতা, মিথ্যাচার ও প্রতারণা মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করে দেয় এবং অন্যের ক্ষতির কারণ হয়। এসব দোষ স্থায়ী রূপ নিলে মানুষ নিজের ভুলকে অপরাধ হিসেবে দেখতেও ভুলে যায়। অন্তরের পবিত্রতা রক্ষা না হলে তার বিরূপ প্রভাব মানুষের কথায় ও কাজে প্রকাশ পায়। তাই এমন বৈশিষ্ট্য বর্জনের তাগিদ দেওয়া হয়েছে যা মানুষকে স্রষ্টার অসন্তুষ্টির দিকে ঠেলে দেয়।
দ্বিতীয় বিষয়টি হলো কুপ্রবৃত্তি। মানুষের ভেতরে ভালো ও মন্দ উভয় আকাঙ্ক্ষাই থাকে। তবে প্রবৃত্তি যখন মানুষকে সত্য ও ন্যায়ের পথ থেকে সরিয়ে নীতিহীন চাহিদার দিকে নিয়ে যায়, তখন তা আত্মঘাতী রূপ নেয়। এতে মানুষ ভুলের মোহে পড়ে বিবেক ও সত্যের বিরুদ্ধে অবস্থান নেয়।
তৃতীয় সংকট হলো নিকৃষ্ট স্বভাব ও প্রকাশ্য অপকর্ম। অন্তরের অশুভ চিন্তা যখন আচরণে রূপ নেয়, তখন সমাজে হত্যা, ব্যভিচার, মদ্যপান, চুরি ও জুলুমের মতো অপরাধ ছড়িয়ে পড়ে। এগুলো কেবল ব্যক্তিগত অপরাধে সীমাবদ্ধ থাকে না, বরং গোটা সমাজের নিরাপত্তা ও সম্মান বিনষ্ট করে।
চতুর্থ বিষয়টি হলো কঠিন রোগব্যাধি। অসুস্থতা মানুষের শরীরকে দুর্বল করে এবং স্বাভাবিক জীবনে স্থবিরতা নিয়ে আসে। দীর্ঘস্থায়ী ও মারাত্মক রোগ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনে। একই সঙ্গে অন্তরের ব্যাধি মানুষের মানসিক ভারসাম্য ও মানবিক চরিত্রকে আঘাত করে। তাই শারীরিক দুর্বলতার পাশাপাশি অন্তরের সুস্থতার জন্যও এই দোয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন