অক্টোবর ৩১, ২০২৫, ১১:৪২ এএম
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, ওমরাহ ভিসার কার্যকারিতা বা সৌদি আরবে প্রবেশের সময়সীমা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে। এই নতুন নিয়মটি আগামীকাল (১ নভেম্বর) থেকেই কার্যকর হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়মে ভিসা ইস্যু করার তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যেই ওমরাহযাত্রীকে অবশ্যই সৌদি আরবে প্রবেশ করতে হবে। যদি কোনো যাত্রী এই ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করেন, তবে তার ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
তবে, সৌদি আরবে প্রবেশের পর ওমরাহযাত্রীদের অবস্থানের মেয়াদের কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ, যাত্রীরা ভিসা ইস্যুর এক মাসের মধ্যে প্রবেশ করার পর আগের মতোই সর্বোচ্চ তিন মাস পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন।
মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানান, গ্রীষ্মকাল শেষে শীতল আবহাওয়া শুরু হওয়ায় পবিত্র মক্কা ও মদিনায় বিপুল সংখ্যক ওমরাহযাত্রীর আগমন আশা করা হচ্ছে। এই অতিরিক্ত ভিড় ব্যবস্থাপনার প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি ওমরাহ মৌসুমে এরই মধ্যে রেকর্ড সংখ্যক (প্রায় ৪০ লাখ) বিদেশি যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন, যা ওমরাহ পালনে বিশ্বজুড়ে মুসলমানদের আগ্রহ বৃদ্ধির প্রমাণ বহন করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন