নভেম্বর ৯, ২০২৫, ১০:০১ এএম
বিশ্বকাপের আগামী আসরে খেলতে চান ফুটবল জাদুকর লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে তিনি প্রিয় জন্মভূমির প্রতিনিধিত্ব করতে চান। নিজের মনের সেই সুপ্ত ইচ্ছাটা আর্জেন্টাইন মেগাস্টার এবার জানালেন একটু চমকপ্রদ উপায়ে—আর্জেন্টিনার বিশ্বকাপের নতুন জার্সির বিজ্ঞাপনের মাধ্যমে।নতুন জার্সির বিজ্ঞাপনে দেখা যায়, মেসি তার দলের কয়েকজন সতীর্থের সঙ্গে তাস খেলছেন।
টেবিলে তাদের তাস খেলায় সঙ্গী ছিলেন সংগীতশিল্পী বিজারর্যাপ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া।মজার বিষয় হলো, তাসে ‘চার’ উঠতেই উচ্ছ্বসিত মেসি বলে ফেলেন, "আমি তো এটাই চাই।" ফুটবলপ্রেমীরা মেসির এই ছোট্ট বার্তাকেই তার ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছার আভাস হিসেবে দেখছেন। সবার ধারণা, ষষ্ঠ বিশ্ব আসরে খেলতে চাওয়া মেসি নীল-সাদা জার্সিতে দেশবাসীকে চতুর্থ বিশ্বকাপ উপহার দেওয়ার স্বপ্ন পূরণের ইচ্ছার আভাসই দিয়েছেন।
বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নতুন আসরের জন্য অ্যাডিডাসের ডিজাইন করা নতুন জার্সি উন্মোচন করেছে। এই জার্সি গায়ে জড়িয়েই মেসিরা যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপের আগামী আসরে মাঠে নামবেন।জার্সি তৈরির সৃজনশীল প্রক্রিয়ায় অবদান রেখেছেন ব্রাজিলিয়ান ডিজাইনার সার্জিও মারেকো।
এই জার্সিতে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের জার্সিতে (১৯৭৮, ১৯৮৬ ও ২০২২) ব্যবহৃত নীল রঙের তিনটি আলাদা আলাদা শেড ব্যবহার করা হয়েছে। সাধারণত জার্সিতে নীল রঙের একটি শেড থাকে, কিন্তু এবার প্রতিটি ডোরায় তিনটি ভিন্ন নীল রঙের সমন্বয়ে একটি শেড তৈরি করা হয়েছে, যা ডিজাইনের দিক থেকে এক বড় চমক।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন