বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

রেকর্ডের পাতায় ঝড় তুলে আরেকটি সেঞ্চুরি সূর্যবংশীর

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:২৭ পিএম

রেকর্ডের পাতায় ঝড় তুলে আরেকটি সেঞ্চুরি সূর্যবংশীর

রেকর্ড যেন তার পিছু ছাড়ছে না। ভারতের ১৪ বছর বয়সি বিস্ময় বালক বৈভব সূর্যবংশী আবারও ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিলেন। বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এবং ৫৯ বলে দেড়শ রান স্পর্শ করে বিশ্বরেকর্ডের পাতায় নতুন নাম লিখিয়েছেন তিনি।

বিহারের হয়ে ওপেন করতে নেমে এই বাঁহাতি ব্যাটার এদিন ৮৪ বলের এক টর্নেডো ইনিংস খেলেন। ১৯০ রানের এই দানবীয় ইনিংসটি সাজানো ছিল ১৬টি চার এবং ১৫টি দৃষ্টিনন্দন ছক্কায়।

কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান: মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করে বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

১৯৮৬ সালে গড়া পাকিস্তানের জহুর এলাহির (১৫ বছর ২০৯ দিন) ৩৯ বছরের পুরনো রেকর্ডটি ভেঙে দিলেন সূর্যবংশী।দ্রুততম ১৫০ রান: মাত্র ৫৯ বলে ১৫০ রান পূর্ণ করে প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলেছেন তিনি। ২০১৫ বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ৬৪ বলে দেড়শ করেছিলেন ডি ভিলিয়ার্স।দ্রুততম সেঞ্চুরি: ৩৬ বলে সেঞ্চুরি করে তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বের চতুর্থ এবং ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন।

বিজয় হাজারে ট্রফির উদ্বোধনী দিনে যেখানে ১৬ বছর পর বিরাট কোহলি এবং ৭ বছর পর রোহিত শর্মার ফেরা নিয়ে তুমুল আলোচনা ছিল, সেখানে দিন শেষে সব আলো কেড়ে নিলেন কিশোর বৈভব সূর্যবংশী। তার এই বিধ্বংসী ব্যাটিং ভারতের ঘরোয়া ক্রিকেটে এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে।