বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

এশিয়ান কাপে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ নারী দল

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:০৬ পিএম

এশিয়ান কাপে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ নারী দল

অনুশীলনে বাংলাদেশ দল

আগামী ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে নারী এশিয়ান কাপের ২১তম আসর। দেশের ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। গত জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মেয়েরা এই চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছিল। তবে আসর শুরুর প্রাক্কালে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দলের অপর্যাপ্ত প্রস্তুতি। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বড় ধরনের প্রস্তুতির পরিকল্পনা থাকলেও বাস্তবে তার সুফল পায়নি নারী দল।পরিসংখ্যান বলছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয়। 

গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত থাইল্যান্ডে দুটি এবং ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই চারটি ম্যাচের প্রতিটিতেই হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে আফঈদা খন্দকারদের। থাইল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষেও সুবিধা করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্ট শুরুর আগে আর কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগও পাচ্ছে না দলটি।

বাফুফে আগে ঘোষণা দিয়েছিল যে অস্ট্রেলিয়া যাওয়ার আগে থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প ও ম্যাচ খেলা হবে। তবে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আগামী ২০ ফেব্রুয়ারি সরাসরি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নারী ফুটবল দল। এবারের আসরে গ্রুপ বি-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চীন, শক্তিশালী উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। এর মধ্যে চীন ও উত্তর কোরিয়া এশিয়ার নারী ফুটবলের পরাশক্তি। এমন কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করার জন্য যে ধরনের মানসিক ও কৌশলগত প্রস্তুতি দরকার ছিল তা নিয়ে সংশয় প্রকাশ করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

দলের এই নাজুক প্রস্তুতি নিয়ে বাফুফের নারী উইংয়ের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন আগামী ১৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং ওই দিনই চূড়ান্ত দল ঘোষণা করা হবে। জাতীয় স্টেডিয়ামে কোচ পিটার বাটলারের অধীনে দলের অনুশীলন শুরু হলেও চূড়ান্ত স্কোয়াড নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মিশন বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য এক বিশাল অগ্নিপরীক্ষা হতে যাচ্ছে।