শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

মুসলিমবিরোধী স্লোগানের কড়া জবাব দিলেন লামিনে ইয়ামাল

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ০২:৫৫ পিএম

মুসলিমবিরোধী স্লোগানের কড়া জবাব দিলেন লামিনে ইয়ামাল

প্রতিবাদে সরব লামিনে ইয়ামাল

বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে গত পরশু রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিসরের মুখোমুখি হয়েছিল স্পেন। বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচটি গোলশূন্য ড্র হলেও মাঠের ফুটবল ছাপিয়ে এখন আলোচনায় ভিন্ন এক তিক্ত বিষয়। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে ভেসে আসা মুসলিমবিরোধী ও ইসলামবিদ্বেষী স্লোগান ফুটবল বিশ্বে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। 

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সরাসরি মুখ খুলেছেন স্প্যানিশ ফুটবল তারকা লামিনে ইয়ামাল। এমন আচরণকে সম্পূর্ণ অসম্মানজনক ও অসহনীয় বলে বর্ণনা করেছেন তিনি।

ম্যাচের প্রথমার্ধে গ্যালারির একটি অংশ থেকে মুসলিমপ্রধান দেশ মিসরীয় সমর্থকদের লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। যদিও সেই স্লোগানগুলো সরাসরি ইয়ামালকে লক্ষ্য করে ছিল না, তবে মুসলিম পরিচয়ধারী এই ফুটবলার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন।

 সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইয়ামাল তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে গর্ব প্রকাশ করে লিখেছেন যে তিনি একজন মুসলিম এবং আলহামদুলিল্লাহ। তিনি স্পষ্ট জানান যে স্টেডিয়ামে প্রতিপক্ষকে উপহাস করার জন্য ধর্মকে ব্যবহার করা অত্যন্ত নিচু মানসিকতা ও অজ্ঞতার পরিচয়। ফুটবল উপভোগ করার জায়গা, সেখানে অন্যের বিশ্বাসকে আঘাত করার কোনো স্থান নেই।বার্সেলোনায় জন্ম নেওয়া ১৮ বছর বয়সী এই তরুণ তুর্কির শিকড় মূলত আফ্রিকা মহাদেশে। 

তাঁর বাবা মরোক্কান এবং মা ইকুয়েটোরিয়াল গিনির বাসিন্দা। ছোটবেলা থেকে স্পেনের হয়ে খেললেও নিজের ধর্মীয় ও জাতিগত পরিচয় নিয়ে তিনি সবসময়ই সচেতন। গত ইউরো জয়ে স্পেনের অন্যতম কারিগর ইয়ামাল মনে করেন, মুষ্টিমেয় কিছু মানুষের এমন অসভ্য আচরণ পুরো স্পেনের ফুটবল সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে না। তবে এই ধরনের বর্ণবাদী মানসিকতা এখনই রুখে দেওয়া প্রয়োজন বলে তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন।

এই ঘটনার পর স্পেনের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে বৈচিত্র্যময় স্পেনে এমন ঘৃণা ছড়ানোর কোনো সুযোগ নেই। দেশটির আইনমন্ত্রী ফেলিক্স বোলানিওসও বর্ণবাদী স্লোগানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে মিসরীয় ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে দর্শকদের এমন আচরণকে অত্যন্ত ঘৃণিত ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।

স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোও বসে নেই। বার্সেলোনার স্থানীয় পুলিশ বাহিনী মোসোস দ’এস্কুয়াদ্রা বুধবার থেকে এই ইসলামবিদ্বেষী স্লোগান নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, ফিফাও বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং ম্যাচ কমিশনারের প্রতিবেদন বিশ্লেষণ করে স্পেনের ওপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা রয়েছে। কাতালুনিয়ার ক্রীড়ামন্ত্রী বার্নি আলভারেজ এই কঠিন সময়ে ইয়ামালকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। তিনি মনে করেন, এই ধরনের ঘটনা বড় ধরনের সামাজিক পশ্চাৎপদতার ইঙ্গিত দেয়, যা ক্রীড়াঙ্গনের জন্য অশনিসংকেত।