শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে আজ মাঠে নামছে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ১০:৫৩ এএম

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে আজ মাঠে নামছে বাংলাদেশ

শিরোপার লড়াইয়ে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। দেশ ছাড়ার আগেই অধিনায়ক মিঠু চৌধুরী দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন যে যেকোনো মূল্যে ভারতকে হারিয়ে ট্রফি নিয়ে ফিরতে চায় তার দল। 

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশের সামনে এখন সেই স্বপ্ন পূরণের চূড়ান্ত মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে।টুর্নামেন্টের গ্রুপ পর্বে এই দুই দল একবার মুখোমুখি হয়েছিল যেখানে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে উভয় পক্ষ। 

সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। অন্যদিকে ভুটানকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রেখেছে ভারত। তবে মিঠু-ফয়সালদের বড় শক্তির জায়গা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী সুলিভান ব্রাদার্স। 

বিশেষ করে রোনান সুলিভান পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য নৈপুণ্য দেখাচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। সেমিফাইনালে নেপালের বিপক্ষে তার একটি দর্শনীয় গোল অফসাইডে বাতিল হলেও তার আক্রমণাত্মক ড্রিবলিং ভারতীয় রক্ষণের জন্য বড় চিন্তার কারণ হতে পারে।সুলিভান পরিবারের আরেক সদস্য ডেক্লান সুলিভানও গত ম্যাচে নিজের দক্ষতা দেখিয়েছেন। শেষ মুহূর্তে বদলি হিসেবে মাঠে নেমেও তিনি নজর কেড়েছেন যার ফলে ফাইনালে তাকে শুরুর একাদশে দেখার দাবি উঠেছে সমর্থকদের পক্ষ থেকে। 

যদিও সাফের ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা সুখকর নয়। ২০২২ সালে এই অনূর্ধ্ব-২০ দলই ভারতের কাছে হেরে শিরোপা খুইয়েছিল। বয়সভিত্তিক অন্যান্য প্রতিযোগিতাতেও প্রায়ই ফাইনালে গিয়ে ভারতের কাছে হোঁচট খেতে দেখা যায় বাংলাদেশকে। তবে কোচ মার্ক কক্সের অধীনে বর্তমান দলটি মানসিকভাবে অনেক বেশি চনমনে। 

২০২৪ সালে নেপালকে হারিয়েই প্রথমবার এই আসরের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিরোপা অক্ষুণ্ণ রাখাই এখন যুবাদের মূল লক্ষ্য। ফুটবল বিশ্লেষকদের মতে আজকের ম্যাচটি হবে গতির লড়াই ও স্নায়ুচাপ নিয়ন্ত্রণের এক ধ্রুপদী প্রদর্শনী। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় যে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না বাংলাদেশ শিবির।