বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

এএফসি অনূর্ধ্ব-২০: শক্তিশালী চীনের মোকাবিলা করবে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ০৬:১৬ পিএম

এএফসি অনূর্ধ্ব-২০: শক্তিশালী চীনের মোকাবিলা করবে বাংলাদেশ

থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের ভুলের কারণেই ৩-২ গোলে হেরে এএফসি নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই হারের হতাশা ঝেড়ে ফেলে এবার শক্তিশালী চীনের বিপক্ষে বড় চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত লাল-সবুজের মেয়েরা। শনিবার ৪ এপ্রিল গ্রুপ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে বাংলাদেশ। 

ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং সেন্টারে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে দলের কোচ ও খেলোয়াড়দের মাঝে বেশ আত্মবিশ্বাসী মনোভাব লক্ষ্য করা গেছে।

এএফসি নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ‍‍`এ‍‍` গ্রুপে বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে চীন। তারা নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে থাইল্যান্ডের কাছে পরাজিত হয়ে বাংলাদেশ বর্তমানে তালিকার তিন নম্বরে রয়েছে। 

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। তবে তিন নম্বর দলগুলোর মধ্য থেকেও সেরা দুটি দলের শেষ আটে যাওয়ার সুযোগ থাকছে। সেই সম্ভাবনা বাঁচিয়ে রাখতে চীনের বিপক্ষে একটি ইতিবাচক ফলাফল বাংলাদেশের জন্য এখন সময়ের দাবি।শুক্রবার ৩ এপ্রিল ব্যাংককের মাঠে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের ভুলগুলো শুধরে নিয়েছে বাংলাদেশ দল। একদিনের রিকভারি সেশন শেষে পুরো দলকে একসঙ্গে নিয়ে কাজ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। 

বাফুফের মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানিয়েছেন যে স্কোয়াডে এই মুহূর্তে বড় ধরণের কোনো চোট সমস্যা নেই যা টিম ম্যানেজমেন্টের জন্য বড় স্বস্তির খবর। গত ম্যাচে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল যেসব সমস্যা তৈরি হয়েছিল কোচ মূলত সেগুলো নিয়েই দীর্ঘ সময় কাজ করেছেন। বিশেষ করে রক্ষণভাগ এবং সেট-পিসে যেন কোনো ধরণের ছোটখাটো ভুল না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলের মতে চীন বৈশ্বিক ফুটবলে অনেক উঁচুর দল এবং তাদের শক্তিমত্তা সম্পর্কে বাংলাদেশ সচেতন। 

চীনের আক্রমণভাগ রুখতে ডিফেন্ডিং শেইপ ধরে রাখা এবং কাউন্টার অ্যাটাকে যাওয়ার কৌশল রপ্ত করছেন ফুটবলাররা। পজিশন অনুযায়ী খেলোয়াড়দের দায়িত্ব বণ্টন এবং ফিনিশিংয়ের দুর্বলতা দূর করতেও বিশেষ সেশন পরিচালনা করা হয়েছে। কোচ আশাবাদ ব্যক্ত করেছেন যে মেয়েরা যদি নিজেদের স্বাভাবিক খেলাটা মাঠে উপহার দিতে পারে তবে শনিবার ভালো কিছু অর্জন করা সম্ভব হবে।

উল্লেখ্য যে নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টে নেতৃত্ব দিচ্ছেন ডিফেন্ডার অর্পিতা বিশ্বাস। নতুন এই গুরুদায়িত্ব পেয়ে তিনিও বেশ রোমাঞ্চিত। অর্পিতা জানিয়েছেন ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করার জন্য দলের প্রতিটি সদস্য মানসিকভাবে প্রস্তুত। প্রথম ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পজিশন ও শেইপ ঠিক রেখে লড়াই করতে চান তারা। এশিয়ার অন্যতম সেরা শক্তির বিপক্ষে লাল-সবুজের মেয়েরা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে সেটিই এখন দেখার বিষয়। পুরো দেশের ফুটবল প্রেমীদের নজর এখন ব্যাংককের এই ময়দানি লড়াইয়ের দিকে।