এপ্রিল ৭, ২০২৬, ০৫:২৫ পিএম
দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্বাচনে গুরুতর অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বোর্ড পরিচালনার জন্য সাবেক সফল অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক আমিনুল এহসান আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরে এই সিদ্ধান্তের কথা জানান।
এনএসসির তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিবির গত নির্বাচনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি হস্তক্ষেপে বড় ধরনের অনিয়ম করা হয়েছে।
বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ম বহির্ভূতভাবে কাউন্সিলর বানানোর প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়। বর্তমান কমিটি বিসিবির স্বার্থের পরিপন্থী কাজ করায় ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ধারা ২১-এর প্রদত্ত ক্ষমতাবলে এই বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে (ICC) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
একই সাথে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির তালিকাও আইসিসিতে পাঠানো হয়েছে যাতে আন্তর্জাতিক পর্যায়ে কোনো আইনি জটিলতা তৈরি না হয়। এনএসসি গঠিত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমান বিসিবি কমিটি গঠনের নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণে দুর্বলতা ও স্বচ্ছতার অভাব ছিল।
ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বলেন, `জাতীয় ক্রীড়া সংস্থাসমূহ এনএসসি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। যেখানেই অনিয়ম দেখা যাবে, সেখানেই এনএসসি কঠোর পদক্ষেপ নেবে।` তিনি আরও জানান, বর্তমান পর্ষদ যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং সংস্থার স্বার্থ ক্ষুণ্ন করেছে বলে পরিষদের নিকট প্রতীয়মান হয়েছে। বর্তমান এই রদবদল দেশের ক্রিকেটে নতুন মোড় আনবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট মহল। এখন সবার নজর তামিম ইকবালের নেতৃত্বে গঠিত নতুন এই অ্যাডহক কমিটির দিকে, যারা আগামী ৯০ দিনের মধ্যে নতুন নেতৃত্ব উপহার দিতে কাজ করবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন