শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

তিন মাসের মধ্যে বিসিবি নির্বাচন গঠন হলো অ্যাডহক কমিটি

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৮:০৬ পিএম

তিন মাসের মধ্যে বিসিবি নির্বাচন গঠন হলো অ্যাডহক কমিটি

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আইনের ২১ ধারা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে (ICC) ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে বিসিবির বর্তমান পর্ষদ বিলুপ্তি এবং নতুন অ্যাডহক কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে এনএসসি। 

এই নবগঠিত কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি স্বচ্ছ নির্বাচনের আয়োজন করবে বলে নিশ্চিত করেছেন এনএসসি পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানান, এনএসসি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এনএসসি গঠিত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে যে বর্তমান বিসিবি কমিটি গঠনের নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণে দুর্বলতা ও অনিয়ম ছিল। 

এই অস্বচ্ছ প্রক্রিয়ার কারণেই বোর্ডটি ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ক্রিকেটের স্বার্থ সংরক্ষিত হয়।অ্যাডহক কমিটির কর্মপরিধি সম্পর্কে তথ্য দিয়ে আমিনুল এহসান আরও জানান, গঠিত অ্যাডহক কমিটি আগামী ৩ মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে আইনত বাধ্য থাকবে। নির্বাচনের আগ পর্যন্ত এই ৩ মাস ক্রিকেটের স্বাভাবিক ও দাপ্তরিক কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য অ্যাডহক কমিটি একটি নির্বাচিত কমিটির মতোই পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত থাকবে। অর্থাৎ বোর্ড পরিচালনার ক্ষেত্রে তাদের কোনো আইনি বা প্রশাসনিক সীমাবদ্ধতা থাকবে না।

অ্যাডহক কমিটিতে থাকা সদস্যরা আসন্ন বিসিবি নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, তা নিয়ে সম্মেলনে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিসিবির বর্তমান গঠনতন্ত্রে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ না থাকায়, তাঁদের নির্বাচনে অংশ নেওয়ার পথ উন্মুক্ত থাকছে বলেই ধারণা করা হচ্ছে। উল্লেখ্য যে, এই পরিবর্তনের ফলে দেশের ক্রিকেট প্রশাসনে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। এখন সবার অপেক্ষা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিসিবির নতুন নেতৃত্ব দেখার।