এপ্রিল ৮, ২০২৬, ০৯:৫১ এএম
চ্যাম্পিয়ন্স লিগের মহারণে সবকিছুই যেন ছিল রিয়াল মাদ্রিদের অনুকূলে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে নিজেদের শেষ ৯ ম্যাচে অপরাজিত থাকার দুর্দান্ত এক রেকর্ড নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নেমেছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু নিজেদের চেনা মাঠে সেই দর্প ধুলোয় মিশে গেছে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।
বায়ার্নের হয়ে জয়ের নায়ক লুইস দিয়াজ ও হ্যারি কেইন। অন্যদিকে রিয়ালের হয়ে একমাত্র গোলটি শোধ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চেপে ধরার কৌশল নেয় বাভারিয়ানরা। খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেলেও তা কাজে লাগাতে পারেনি সফরকারীরা। এর কিছুক্ষণ পর ৯ মিনিটের মাথায় রিয়ালের গোলরক্ষক আন্দ্রেই লুনিনকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন বায়ার্ন ডিফেন্ডার দায়ত উপমেকানো।
তবে প্রথমার্ধের শেষ দিকে এসে গোলের ডেডলক ভাঙেন লুইস দিয়াজ। ৪১ মিনিটে সার্জ নাব্রির নিখুঁত পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ফিনিশিংয়ে কলম্বিয়ান এই উইঙ্গার বায়ার্নকে এগিয়ে নেন। বিরতির আগে সমতায় ফেরার চেষ্টা করেও রিয়াল সফল হতে পারেনি।দ্বিতীয়ার্ধ শুরু হতেই রিয়াল শিবিরে বড় ধাক্কা দেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। বিরতির পর খেলা শুরুর মাত্র ২০ সেকেন্ডের মাথায় বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ার পর রিয়াল মাদ্রিদ আক্রমণের ধার বাড়ালেও বায়ার্নের রক্ষণভাগ ভাঙা ছিল দুঃসাধ্য। উল্টো বায়ার্নই বারবার প্রতি-আক্রমণে বিপজ্জনক হয়ে উঠছিল। ম্যাচের ৬১ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে একা পেয়েও সুবর্ণ সুযোগ নষ্ট করেন।
ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টায় ৭৫ মিনিটে একটি গোল শোধ করে রিয়াল। ট্রেন্ট আলেক্সান্দার-আরনল্ডের বাড়ানো বল ধরে নিখুঁত শটে জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে। এই গোলটি রিয়াল শিবিরে খানিকটা স্বস্তি ফেরালেও হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। ঘরের মাঠে এই হারের ফলে সেমিফাইনালের পথ রিয়ালের জন্য বেশ কঠিন হয়ে পড়ল। আগামী ১৫ এপ্রিল রাতে বায়ার্নের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের ম্যাচ। যেখানে টিকে থাকতে হলে রিয়ালকে অসাধারণ কিছুর নজির গড়তে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন