এপ্রিল ৮, ২০২৬, ১২:০১ পিএম
বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে যশপ্রীত বুমরার চেয়ে বড় বোলার হয়তো আর কেউ নেই। ব্যাটসম্যানদের কাছে এক আতঙ্কের নাম এই ভারতীয় পেসার। কিন্তু আইপিএলের মঞ্চে গতকাল সেই বুমরাকেই যেন সাধারণ স্তরের বোলার বানিয়ে দিলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচে বুমরাকে ছক্কা মেরে স্বাগত জানিয়ে এই বিস্ময় বালক প্রমাণ করে দিলেন যে তিনি কেবল ভবিষ্যতের তারকা নন, বরং বর্তমান ক্রিকেটেও দাপট দেখানোর ক্ষমতা রাখেন।
বৃষ্টির কারণে গতকালের ম্যাচটি নেমে আসে মাত্র ১১ ওভারে। সংক্ষিপ্ত এই সংস্করণে শুরু থেকেই রুদ্রমূর্তি ধারণ করেন সূর্যবংশী। বুমরার করা প্রথম তিন বলের মধ্যে ২টিতেই ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ১৪ বলে ৩৯ রানের এক টর্নেডো ইনিংস খেলে আউট হন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১টি চার ও ৫টি ছক্কায় সাজানো এই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ২৭৮.৫৭।
যদিও ইনিংসটি খুব বেশি দীর্ঘ হয়নি, কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি মুম্বাইয়ের বোলারদের ওপর যে তান্ডব চালিয়েছেন, তা ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আইপিএলের ইতিহাসে অন্তত ২০টি বল খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে ছক্কা মারার হারে এখন সবার ওপরে বৈভব সূর্যবংশী। বর্তমানে প্রতি ৪.৯ বলে একটি করে ছক্কা মারছেন তিনি। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন রোমারিও শেফার্ড (৫.১), উর্ভিল প্যাটেল (৫.৩), জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক (৬.৪) এবং দানবীয় আন্দ্রে রাসেলকেও (৬.৮)। ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই টি-টোয়েন্টি লিগে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ডটিও এখন এই কিশোরের দখলে। ১০ ইনিংসে ৩৭৪ রান করে তিনি ক্রিকেটের কিংবদন্তিদেরও চমকে দিয়েছেন।
ম্যাচ শেষে রাজস্থান ওপেনার যশস্বী জয়সোয়াল, যিনি ৩২ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন, তিনিও সূর্যবংশীকে প্রশংসায় ভাসিয়েছেন। জয়সোয়াল বলেন, ‘ও যেভাবে খেলছে তা সত্যিই অসাধারণ। ওকে দেখে আমি নিজেও অনুপ্রাণিত হই। আমরা নিজেদের উন্নতির বিষয়ে নিয়মিত আলোচনা করি।’ মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াও স্বীকার করেছেন যে ১৫ বছরের একটি ছেলের মধ্যে এমন ভয়ডরহীন মানসিকতা থাকা অভাবনীয়। অন্যদিকে ভারতের সাবেক কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে এই বিস্ময় বালকের ব্যাটিং দেখার জন্য দর্শকরা খুব শীঘ্রই মাঠে ভিড় জমাবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন