রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

ক্রিকেট ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান লরা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ১০:৫৩ পিএম

ক্রিকেট ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান লরা

ইতিহাস গড়লেন লরা কারদোসো

ফুটবলের দেশ হিসেবে বিশ্বজুড়ে দীর্ঘকাল ধরে পরিচিতি থাকলেও এবার ক্রিকেট বিশ্বের নজর কাড়ল লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সাম্বার ছন্দের ফুটবলারদের দেশ থেকে উঠে এসে এক নারী ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক বিশ্ব রেকর্ড গড়েছেন। লেসোথোর বিপক্ষে মাত্র ৪ রান খরচায় ৯ উইকেট শিকার করে নতুন ইতিহাস লিখেছেন ব্রাজিলিয়ান নারী দলের পেসার লরা কারদোসো। 

নারী বা পুরুষ—যেকোনো পর্যায়ের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে ৯ উইকেট নেওয়ার ঘটনা বিশ্ব ক্রিকেটে এটাই প্রথম।বতসোয়ানায় চলমান কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে আজ বৃহস্পতিবার এই অনন্য মাইলফলক স্পর্শ করেন লরা। 

ম্যাচে প্রথমে ব্যাটিং করে ব্রাজিল ২০২ রানের বিশাল পাহাড় গড়েছিল। সেই রান তাড়া করতে নামা লেসোথোর ইনিংসে একাই ধস নামান কারদোসো। নিজের ৩ ওভারের স্পেলে তিনি একের পর এক উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে দিশেহারা করে দেন। 

দ্বিতীয় ওভারে হ্যাটট্রিকের মাধ্যমে লরার এই তাণ্ডব শুরু হয়েছিল। এরপর চতুর্থ ওভারে তিনি একাই শিকার করেন আরও ৪টি উইকেট। ষষ্ঠ ওভারে আরও ২ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৯ উইকেট পূর্ণ করেন এই পেসার। ১০ নম্বর উইকেটটিও তিনি পেয়ে যেতে পারতেন, তবে শেষ উইকেটটি সতীর্থ মারিয়ান আর্তুর তুলে নিলে সেই সুযোগ হারান তিনি।আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগের সেরা বোলিং ফিগারটি ছিল ভুটানের স্পিনার সোনম ইয়েশের দখলে। ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। 

অন্যদিকে নারী ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ডটি এত দিন ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়েই ৭ উইকেট নিয়েছিলেন তিনি। লরা কারদোসো আজ সেই সব রেকর্ড ভেঙে চূড়ায় আরোহণ করলেন। তার বিধ্বংসী বোলিংয়ের সামনে লেসোথো মাত্র ৬.২ ওভারে ১৩ রানেই অলআউট হয়ে যায়। এর ফলে ১৮৯ রানের বিশাল জয় পায় ব্রাজিলিয়ানরা।

বতসোয়ানায় আয়োজিত এই কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে মোট ৬টি দেশ অংশ নিচ্ছে। স্বাগতিক বতসোয়ানা ও ব্রাজিল ছাড়াও এই তালিকায় রয়েছে লেসোথো, মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিক। ক্রিকেটের উদীয়মান দেশ হিসেবে ব্রাজিলের এই সাফল্য বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ৩ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৯ উইকেট নেওয়ার মতো পরিসংখ্যানকে আধুনিক ক্রিকেটে একপ্রকার অবিশ্বাস্য ও বিরল ঘটনা হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা। লরার এই কীর্তি আগামী দীর্ঘকাল ক্রিকেটের দালিলিক ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে।