এপ্রিল ১৪, ২০২৬, ১০:৪৭ এএম
ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে গত রাতে লিডস ইউনাইটেডের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা। তবে হারের এই তিক্ততা ছাপিয়ে এখন ফুটবল বিশ্বে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লিসান্দ্রো মার্তিনেজের লাল কার্ড। প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল টেনে ধরার অভিযোগে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে।
ম্যাচের ৫৬ মিনিটে ডমিনিক কালভার্ট-লেউইনের সঙ্গে এক অনাকাঙ্ক্ষিত ধস্তাধস্তির সময় এই ঘটনা ঘটে যা ইউনাইটেডের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনে।
খেলার শুরু থেকেই লিডস ইউনাইটেড বেশ কৌশলী ও আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। ম্যাচের ৫ ও ২৯ মিনিটে নোয়াহ ওকাফোরের জোড়া গোলে শুরুতেই বেশ কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা। বিরতির পর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। ৬৯ মিনিটে কাসেমিরো এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি।
তবে ম্যাচের টার্নিং পয়েন্ট ধরা হচ্ছে ৫৬ মিনিটের সেই লাল কার্ডের ঘটনাকে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের পরামর্শে রেফারি পল টিয়ার্নি পিচসাইড মনিটর দেখে মার্তিনেজকে মাঠ ছাড়ার নির্দেশ দেন।রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে এরই মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক এই সিদ্ধান্তে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি একে তাঁর দেখা ফুটবল জীবনের অন্যতম বাজে সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন।
ক্যারিকের দাবি অনুযায়ী মার্তিনেজকে লাল কার্ড দেখানোর আগে কালভার্ট-লেউইন তাঁর মুখের দিকে হাত ছুড়ে দিয়েছিলেন যার ফলে মার্তিনেজ ভারসাম্য হারিয়ে ফেলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে মার্তিনেজের হাত অনিচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের চুলে লাগলে তাঁর হেয়ার ব্যান্ড খুলে যায়। ক্যারিক মনে করেন এটি মোটেও লাল কার্ড পাওয়ার মতো কোনো আক্রমণাত্মক আচরণ ছিল না।ইউনাইটেড কোচের অভিযোগের আঙুল কেবল মার্তিনেজের লাল কার্ডের দিকেই নয়।
ম্যাচের প্রথম গোল হজম করার সময় লেনি ইয়োরোর ওপর হওয়া একটি ফাউল নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। ক্যারিক জানান যে লেনি ইয়োরোর মাথার পেছনে কনুই দিয়ে আঘাত করার পরও রেফারি কেন নীরব ছিলেন তা বোধগম্য নয়। তাঁর মতে ওই বিতর্কিত মুহূর্তের পরই লিডস প্রথম গোলটি পায় যা পুরো ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। টানা দুই ম্যাচে এমন প্রতিকূল সিদ্ধান্তের শিকার হওয়া নিয়ে তিনি চরম হতাশা প্রকাশ করেন।
এই লাল কার্ডের ফলে লিসান্দ্রো মার্তিনেজকে সম্ভবত আগামী তিন ম্যাচের নিষেধাজ্ঞার খড়গের মুখোমুখি হতে হবে। ক্লাব কর্তৃপক্ষ এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে কি না তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এই হারের পরও অবশ্য প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমানে ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। রেড ডেভিলদের পরবর্তী ম্যাচ আগামী ১৮ এপ্রিল চেলসির বিপক্ষে যা তাদের লিগ টেবিলে টিকে থাকার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন