এপ্রিল ১৪, ২০২৬, ০১:০৭ পিএম
চলমান আইপিএলে ব্যাট হাতে একের পর এক তাণ্ডব চালিয়ে এবার ভারতীয় জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারকে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনা করছেন নির্বাচকরা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচক প্যানেল ইতোমধ্যে বৈভবের নাম শর্টলিস্ট করেছেন এবং জুনের শেষ দিকে আয়ারল্যান্ড সফরের জন্য তার পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিসিসিআইয়ের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, আয়ারল্যান্ড সফরের জন্য একটি তরুণ দল পাঠানোর পরিকল্পনা রয়েছে। জ্যেষ্ঠ খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে এই সফরে উদীয়মান প্রতিভাদের সুযোগ দিতে চায় বোর্ড। সেই তালিকায় সবার ওপরে উঠে এসেছে বৈভব সূর্যবংশীর নাম।
আইপিএলে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে তার ভয়ডরহীন ব্যাটিং নির্বাচকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। বিশেষ করে জাসপ্রীত বুমরাহ ও জশ হ্যাজেলউডের মতো অভিজ্ঞ বোলারদের বিপক্ষে তাকে যেভাবে অকুতোভয় মনে হয়েছে, তা এককথায় অবিশ্বাস্য।
যদি আয়ারল্যান্ড সফরে বৈভবের অভিষেক হয়, তবে তিনি ভারতীয় পুরুষ ক্রিকেটের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়বেন। বর্তমানে ভারতের হয়ে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অভিষেকের রেকর্ডটি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে (১৬ বছর ২০৫ দিন)। সূর্যবংশীর সামনে সুযোগ রয়েছে ১৫ বছর বয়সেই সেই রেকর্ড নিজের করে নেওয়ার। যদিও ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সার্বিকভাবে সর্বকনিষ্ঠ অভিষেকের রেকর্ডটি শেফালী ভার্মার দখলে, যিনি ১৫ বছর ৭ মাস ২৭ দিন বয়সে মাঠে নেমেছিলেন।
এই মৌসুমে আইপিএলে বৈভবের পরিসংখ্যান সত্যিই চোখ কপালে তোলার মতো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ২৬ বলে ৭৮ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। এছাড়া চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৭ বলে ৫২ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাত্র ১৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। কেবল রান নয়, ক্রিজে তার ধীরস্থিরতা এবং পাওয়ার হিটিং ক্ষমতা দেখে বিশ্ব ক্রিকেটের পরবর্তী বড় তারকা হিসেবেই তাকে গণ্য করছেন বিশ্লেষকরা।
ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বৈভব সূর্যবংশী। আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর জুলাই মাসে পূর্ণ শক্তির দল নিয়ে ইংল্যান্ড সফরে যাবে ভারত। আইপিএলের পরপরই এই সংক্ষিপ্ত সিরিজে বৈভবের অন্তর্ভুক্তি ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা করতে পারে বলে মনে করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন