বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২২, ২০২৬, ০৮:৪৪ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান

অস্ট্রেলিয়া সিরিজের দলে ফিরলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। ৩০ মে শুরু হতে যাওয়া ঘরের মাঠের এই দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত মার্চ মাসে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বিশ্রামে থাকা এই ব্যাটার সাম্প্রতিক পারফরম্যান্সের জোরে আবারও ওয়ানডে স্কোয়াডে নিজের জায়গা পুনরুদ্ধার করলেন।তবে নতুন এই দল গঠনে সবচেয়ে বড় চমক হিসেবে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

ঘোষিত এই স্কোয়াডে বাবর আজম ছাড়াও প্রত্যাবর্তন ঘটেছে অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান এবং পেসার নাসিম শাহর। এছাড়া পিএসএলে দুর্দান্ত বল করে টুর্নামেন্টসেরা হওয়া চ্যাম্পিয়ন স্পিনার সুফিয়ান মুকিমকেও এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাবর ও নাসিম সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন এবং শাদাব খান ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম ৫০ ওভারের ফরম্যাটে ডাক পেলেন। শাহীন শাহ আফ্রিদি এই সিরিজে দলের অধিনায়ক এবং সালমান আলি আগা সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।বিপরীতে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার এবার দল থেকে ছিটকে গেছেন।

বাদ পড়াদের তালিকায় আছেন ফয়সাল আকরাম, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সাদ মাসুদ। উইকেটরক্ষক হিসেবে নতুন স্কোয়াডে গাজী ঘোরী ও রোহাইল নাজিরকে যুক্ত করেছে পিসিবি। নির্বাচকদের মতে, আসন্ন গুরুত্বপূর্ণ সিরিজটি বিবেচনায় রেখেই অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে এই ভারসাম্যপূর্ণ দল সাজানো হয়েছে।