বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপের আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৮:০৪ পিএম

বিশ্বকাপের আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

ইউরোপা লিগের শিরোপা জয়ের উল্লাসের মাঝেই আসন্ন বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন দলটির প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ক্লাব ফুটবলের ফাইনাল ম্যাচের আগে ওয়ার্ম আপ করার সময় ডান হাতের অনামিকায় গুরুতর চোট পেয়েছেন নির্ভরযোগ্য এই তারকা।

 চোটের কারণে বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে জুনের শুরুতে নির্ধারিত দুটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে তাঁর মাঠে নামা হচ্ছে না।চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষা শেষে জানানো হয়েছে যে তাঁর আঙুলের হাড়ে একটি ছোট চিড় ধরা পড়েছে।

সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে এই গোলরক্ষকের অন্তত ২০ দিন সময় লাগবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে এই চোটের জন্য কোনো ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হবে না এবং পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাক চললে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন। 

জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে অ্যাস্টন ভিলা শিরোপা জেতার পর মার্টিনেজ নিজেই গণমাধ্যমকে আঙুল ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। চোট নিয়েই তিনি পুরো ম্যাচ খেলেছেন বলে জানিয়েছেন।এই অনাকাঙ্ক্ষিত চোটের কারণে আগামী ৬ই জুন হন্ডুরাস এবং ৯ই জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না তিনি।

লিওনেল স্কালোনির দল টেক্সাস ও আলাবামায় এই ম্যাচ দুটি খেলবে। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মেডিকেল বিভাগ আশাবাদী যে ১৬ই জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের আগেই দলের এক নম্বর গোলরক্ষক সম্পূর্ণ সুস্থ হয়ে স্কোয়াডে ফিরবেন। এবার বিশ্বমঞ্চে আলবিসেলেস্তেরা আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে লড়বে।

তথ্যসূত্র: টিওয়াইসি স্পোর্টস