মে ২৯, ২০২৬, ১০:৫৪ এএম
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি এই স্কোয়াড নির্ধারণ করেছেন। ঘোষিত এই দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রেখেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছে।
দলের নেতৃত্বে থাকছেন মহাতারকা লিওনেল মেসি।আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া এই ফুটবলার এবার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। জাতীয় দলের ইতিহাসে সর্বাধিক ১৯৮ ম্যাচ এবং সর্বোচ্চ ১১৬ গোলের মালিক মেসির ওপরই আবারও ভরসা রাখছে দল।
ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তিনি চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। গোলপোস্ট সামলানোর দায়িত্বে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
রক্ষণভাগে ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস ওতামেন্দির মতো অভিজ্ঞদের রাখা হয়েছে। মাঝমাঠে ভারসাম্য ধরে রাখার কাজ করবেন রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। ফরোয়ার্ড লাইনে মেসির সঙ্গে মূল দায়িত্ব থাকবে লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজের ওপর।
এই দলে বড় কোনো চমকপ্রদ বাদ পড়া না থাকলেও ফ্রাঙ্কো মাস্তান্তুোনো এবং এমিলিয়ানো বুয়েন্দিয়ার অনুপস্থিতি নিয়ে আলোচনা চলছে।গ্রুপ জে-তে থাকা আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন