বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ফিফা প্রীতি ম্যাচ: আজ বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ১০:০৭ এএম

ফিফা প্রীতি ম্যাচ: আজ বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি

বাংলাদেশ ও সান মারিনো মুখোমুখি

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বাংলাদেশ ও সান মারিনো মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় রাত ১১টায় সান মারিনোর সেরাভালে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এই প্রীতি ম্যাচটি বাংলাদেশের জন্য একটি নতুন ইতিহাস।ইউরোপের মাটিতে এটি বাংলাদেশের প্রথম অফিসিয়াল ম্যাচ।

ফিফা র‌্যাংকিংয়ে ২১১তম অবস্থানে থাকা সান মারিনো তালিকার সবার শেষে থাকলেও, তারা জার্মানি বা ইতালির মতো জায়ান্টদের বিপক্ষে নিয়মিত খেলার অভিজ্ঞতা রাখে। র‌্যাংকিংয়ে ১৮১তম অবস্থানে থাকা বাংলাদেশ দলের জন্য এটি বেশ কঠিন চ্যালেঞ্জ হবে। 

বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি ও তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীও প্রতিপক্ষের শক্তির কথা স্বীকার করেছেন।বাংলাদেশ দল মাঠে নামছে জয়ের লক্ষ্য নিয়ে।ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ মনে করেন, র‌্যাংকিংয়ের চেয়ে মাঠের খেলাটাই আসল।

 তিনি জানান, ইউরোপের এই কন্ডিশনেও প্রবাসী সমর্থকদের উপস্থিতিতে তারা ঘরের মাঠের মতো পরিবেশ আশা করছেন। গোলরক্ষক সুজন হোসেনের মতে, দিন শেষে পরিকল্পনার বাস্তবায়নই ম্যাচের ফল নির্ধারণ করবে। খেলোয়াড়রা জয়ের জন্য আত্মবিশ্বাসী।কোচ থমাস ডুলির অধীনে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ।

সহকারী কোচ হাসান আল মামুন জানান, নতুন কোচের অধীনে বেশ কয়েকটি অনুশীলনী সেশন হয়েছে এবং খেলোয়াড়রা তার গেম প্ল্যান ও প্রেসিং স্টাইলের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছে। সান মারিনোর বিপক্ষে ম্যাচটিকে তারা বেশ কঠিন লড়াই হিসেবে বিবেচনা করছেন। খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে জয়ের জন্য প্রস্তুত।